জামালপুরে সড়ক দুর্ঘটনায় আশিকুজ্জামান স্ট্যালিন নামের একজনের মৃত্যু হয়েছে। রোববার ভোরে মেলান্দহ উপজেলার টনকি কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আশিকুজ্জামান স্ট্যালিন জামালপুর শহরের বনপাড়ার মৃত আক্তারুজ্জামানের ছেলে। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী ও মেরিন প্রকৌশলী হিসেবে ইউরোপের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আশিকুজ্জামান স্ট্যালিন রাত ১২টার দিকে জামালপুর শহর থেকে তাঁর নানাবাড়ি ইসলামপুরে যাচ্ছিলেন। ব্যক্তিগত গাড়ি চালিয়ে যাওয়ার সময় মেলান্দহ উপজেলার টনকি কালিবাড়ি এলাকায় গাড়ির সামনে এক পথচারী দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় পথচারীকে বাঁচাতে গিয়ে গাড়িটি রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা লাগে। এ সময় পথচারী এবং গাড়ির ভেতর থাকা স্ট্যালিন গুরুতর আহত হন। পরে এক ব্যক্তি ৯৯৯ এ ফোন দিলে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে মেলান্দহ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে স্ট্যালিনের স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে জামালপুর শহরের বেসরকারি এম এ রশিদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুজনকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ভোররাতে আশিকুজ্জামান স্ট্যালিনের মৃত্যু হয়েছে।’

















