মনির হোসেন, মোংলা: ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে মোংলা বন্দরে মোট ৩৫৮টি বিদেশি বাণিজ্যিক জাহাজ নোঙর করেছে। জাহাজ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে গাড়ি আমদানি, কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমান।
মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, আধুনিক সরঞ্জাম সংগ্রহের ফলে প্রতি ঘন্টায় ২৪টিরও বেশি কন্টেইনার খালাস সম্ভব হচ্ছে। জেটির সামনে নিয়মিত ড্রেজিংয়ের ফলে নাব্যতা নিশ্চিত করা হয়েছে যার ফলে একই সাথে পাঁচটি জাহাজ জেটিতে ভিড়তে পারছে।
সংস্থাটি আরো জানায়, মোংলা বন্দরের সক্ষমতা সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়িত হলে বার্ষিক ১৫০ মিলিয়ন টন কার্গো এবং ৩-৪ লক্ষ টিইউজ কন্টেইনার হ্যান্ডলিং করা সম্ভব হবে। এর ফলে বন্দরের কার্যক্রমের সাথে যুক্ত শিপিং এজেন্ট, সিএন্ডএফ এজেন্ট, স্টিভডরিং এবং শ্রমিক শ্রেণীর মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
বন্দরের সিনিয়র উপপরিচালক (জনসংযোগ) মাকরুজ্জামান বলেন চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে মোংলা বন্দরে ৩৫৮টি পণ্যবাহী জাহাজ নোঙর করেছে। এছাড়াও ১৩ হাজার ৮৫৪ টিইউজ কন্টেইনার পণ্য, ৪ হাজার ১৩৯টি রিকন্ডিশন্ড গাড়ি আমদানি এবং ৪৪ লাখ মেট্রিকটন কার্গো পণ্য আমদানি-রপ্তানি হয়েছে।

















