ফার্মগেট স্টেশন এলাকায় দুর্ঘটনায় একজনের প্রাণহানির পর বন্ধ হওয়া মেট্রোরেল আজ সোমবার আবার পুরোপুরি চালু হয়েছে। বেলা ১১টার দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্তই ট্রেন চলাচল শুরু হয়।
মেট্রোর পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এ তথ্য নিশ্চিত করেছে। ডিএমটিসিএলের অতিরিক্ত প্রকল্প পরিচালক রেজাউর রহমান আকন্দ জানান, পুরো পথে ট্রেন চলাচল শুরু হয়েছে। আগারগাঁও থেকে শাহবাগ অংশে গতকাল থেকে ট্রেন বন্ধ ছিল, সকালে এ অংশে ট্রায়াল চালানো হয়।
এরআগে গতকাল রোববার দুপুরে ফার্মগেট স্টেশন এলাকায় মেট্রোর বিয়ারিং প্যাড খসে পড়ে আবুল কালাম নামের এক যুবক নিহত হন। এতে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। গত বছরের ১৮ সেপ্টেম্বরও একই এলাকায় বিয়ারিং প্যাড পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সরকারের পক্ষ থেকে দুর্ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারকে নগদ পাঁচ লাখ টাকা ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে।

















