নির্বাচন নিয়ে সরকারের প্রতি আস্থার কোনো সংকট নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের প্রতি আস্থার কোনো সংকট নেই। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। রাজনৈতিক দলগুলোর বক্তব্য বা বিবৃতির কারণে কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে।’
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি। বরং সরকারের নিরপেক্ষ ভূমিকা চায়। আমরা নিরপেক্ষ দায়িত্ব পালন করছি। সরকারের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে যে সরকার নিরপেক্ষভাবেই কাজ করে যাচ্ছে।’
জনপ্রশাসনের বদলী নিয়োগ নিয়ে বিএনপির আপত্তির প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা নিজেই এখন থেকে বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা।
উপদেষ্টা আরও জানান, সেনা কর্মকর্তাদের সাবজেলে রাখার বিষয়টি নির্ভর করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর। তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া চলছে তার প্রতি যে শ্রদ্ধা দেখানো হয়েছে বা যেভাবে তাদের নিয়ে আসা হয়েছে; সেনা প্রশাসন বা সেনা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা, সেনা প্রধান যেভাবে সহযোগিতা করেছেন, তা অত্যন্ত প্রশংসার দাবিদার। তারা আইনের শাসনের প্রতি যে শ্রদ্ধাবোধ দেখিয়েছেন, তা আমরা খুব পজিটিভলি দেখছি। তারা কোথায় রাখা হবে সেটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। তারা যেটা উপযুক্ত মনে করবেন, সেটা করবেন।’

















