নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার হাওর এলাকায় ধলাই নদীতে বালুবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবিতে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুই শ্রমিক হলেন–জেলার পূর্বধলা উপজেলার মো. জিয়া (২০) ও মো. মারুফ (২৪)।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন জানান, সোমবার রাতে জেলার পূর্বধলা থেকে বালুবাহী নৌযানটি মোহনগঞ্জের আদর্শনগরে যাচ্ছিল। নৌযানটি মোহনগঞ্জের হাওরের আদর্শনগরের কাছাকাছি ধলাই নদীতে প্রবল স্রোতের টানে তলিয়ে যায়। এ সময় নৌযানে থাকা তিনজনের মধ্যে একজন সাঁতরে তীরে উঠে আসতে সমর্থ হন। অপর দুজন নিখোঁজ হন।
কামরুজ্জামান সুমন আরও জানান, আজ সকালে ময়মনসিংহ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। তবে ভারী বৃষ্টি আর নদীতে প্রবল স্রোত থাকার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

















