মেলান্দহ রিপোর্টার্স ক্লাবের যুগ পূর্তি উৎসব: প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার পেলেন বিশেষ সম্মাননা

রশীদুল আলম শিকদার: জামালপুরের মেলান্দহ রিপোর্টার্স ক্লাবের ১৩ বছর পদার্পণ উপলক্ষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ জুলাই বিকেল ৪টায় মেলান্দহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সাংবাদিকতায় দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সানন্দবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, চারণ সাংবাদিক ও দৈনিক আজাদের প্রতিনিধি মোঃ আব্দুস সালাম শিকদারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তাঁর হাতে এই গৌরবময় সম্মাননা স্মারক তুলে দেন। একই সাথে সমাজে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে আরও কয়েকজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
মেলান্দহ রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা শাহ জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ কারি হামিদুল হক বিএবিএড, ৭১’র গেরিলা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান এবং মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির।
বক্তারা তাঁদের বক্তব্যে প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিককদারের আপসহীন ও চারণ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য তাঁকে একটি অনুকরণীয় আদর্শ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষক আবুল কাশেম আকাশ, বিশিষ্ট কবি ও পর্বতারোহী ডা. ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল, সমাজসেবক দোস্ত কহিনুর ইসলাম, বকুলতলা মানবিক সোসাইটির চেয়ারম্যান হেলাল আকন্দ, কালচারাল ইউনিটির সভাপতি ও বাউল শিল্পী বিপ্লব মন্ডল, স্বরকলার সম্পাদক একেএম জাকিরুল হক মিন্টু এবং জালাল উদ্দিন কল্যাণ ট্রাস্টের সভাপতি আব্দুল হাকিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা মেলান্দহ রিপোর্টার্স ক্লাবের দীর্ঘ ১৩ বছরের পথচলাকে সাধুবাদ জানান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রেখে মেলান্দহের সার্বিক উন্নয়নে ক্লাবটি আগামীতেও অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ অত্যন্ত আনন্দঘন পরিবেশে প্রবীণ চারণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার সহ অন্যান্য গুণীজনদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।
















