বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এবারের ভোটে সিদ্ধান্ত নিতে হবে দেশকে গণতন্ত্রের দিকে নেব না অন্য দিকে চলে যাবে।’ বৃহস্পতিবার রাজধানীতে নির্বাচনী জনসভায় তিনি ভোটারদের প্রতি এই আহ্বান জানান।
তারেক রহমান আরও বলেন, ‘গণতন্ত্র ধরে রাখতে না পারলে মানুষের উন্নয়ন হবে না। যেকোনো মূল্যে গণতন্ত্রের ঝান্ডা তুলে রাখতে হবে। আমরা কোনো ঝগড়া-বিবাদে যেতে চাই না। কোথাও অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে তার সুষ্ঠু তদন্তের দাবি জানাই। বিএনপি তদন্তে সহযোগিতা করবে।’
আগামীতে সরকার গঠন করলে বিএনপি পদ্মা ব্যারেজ নির্মাণে হাত দেবে বলে জানান দলটির চেয়ারম্যান। তিনি বলেন, ‘নির্বাচনী জনসভায় এক দল অন্য দলকে বিভিন্ন কথা বলবে। তবে আমি আজকের সভায় জনগণের কথা বলতে চাই। পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা—এসব নদীতে পানি নেই, যা অত্যন্ত দুঃখজনক। জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তনে কাজ করবে বিএনপি।’
এর আগে সারা দেশে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান দুপুর ১২টায় আকাশপথে রাজশাহী বিমানবন্দরে পৌঁছান। এরপর তিনি সুফি সাধক শাহ মখদুমের (রহ.) মাজার জিয়ারত করেন।
বিকেলে নওগাঁয় আরও দুটি সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

















