আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দেন, কোর্ট-কাচারী, থানার দায়িত্ব আমরা নেব : জামায়াতের সাবেক এমপি লতিফুর

চাপাইনবয়াবগঞ্জ সংবাদদাতা :
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক লতিফুর রহমান বলেছেন, আওয়ামী লীগ থেকে আপনারা জামায়াতে যোগ দেন, আইন-আদালত, কোর্ট-কাচারী, থানা দায়িত্ব আমরা নেব।
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের একটি উঠান বৈঠকে এ কথা বলেন তিনি। লতিফুল রহমানের ওই বক্তব্যের দুটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে বুধবার রাতে লতিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে ভিডিও-তে বলা কথাগুলো তারই বলে স্বীকার করেছেন।
একটি ভিডিও-তে লতিফুর রহমান বলছেন, আগামী দিনের বাংলাদেশে একটা পরিবর্তন হতে চলেছে। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন আপনাদের দায়-দায়িত্ব আমরা নেব। জেলাখানা, নবাবগঞ্জ থানা যে কোন দায়দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ। আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে জয়েন করেন। আইগল্যা (আগের) জামায়াত মনে করিয়েন না, এখন শক্তিশালি জামায়াত। নবাবগঞ্জের সমগ্র সমস্যা এখন লতিফুর রহমান দেখে। হ্যালো ওসি সাহেব, হ্যালো এসপি সাহেব, হ্যালো ডিআইজি সাহেব, লতিফুর রহমানকে করে কোন লিডারের কাছে মানুষ যায় না। যারা আওয়ামী লীগ থেকে এসেছেন নির্দিধায় এখানে থাকবেন। আপনাদের আইন-আদালত, কোর্ট-কাটারী, থানা দায়িত্ব আমরা নেব।
অপর ভিডিও-তে তিনি বলেন, আল্লাহর দল ছাড়া মানুষের দল করা যাবে না। আমার কথা নয়, কোরআনের কথা। এটা খুব ভালোভাবে খেয়াল করবেন। আল্লাহ বলছেন তোমাদের ভালো কাজের, খারাপ কাজের আমি জাররা জাররা করে হিসাব নেব।
বুধবার রাতে লতিফুর রহমান ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, আওয়ামী লীগের কিছু ভোটার জামায়াতের কাজ করছে। এদের বাড়িতে পুলিশ পাঠাচ্ছে। আমি বলেচি কারো উপর আপনারা হয়রানী করবেন না।
বক্তব্যটি কোথায় দিয়েছেন তা স্পষ্ট করে কিছু বলেন নি তিনি। লতিফুর রহমান বলেন, এখন তো উঠান বৈঠক ছাড়া কিছু করা যাবে না। কয়েকজন মানুষ এসে গল্প করছিলো, সেখানেই আমি কথাগুলো বলেছি।
















