স্টাফ রিপোর্টার:
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় মানুষের মধ্যে চরম আতঙ্ক দেখা যায়। এসময় ৩জনের মৃত্যুসহ বিভিন্ন এলাকা থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দেশের অনেক জেলা উপজেলাতেও ভূমিকম্প হয়েছে।
শুক্রবার সকাল ১০-৩৮ মিনিট ২৬ সেকেন্ডের সময় এ ভূমিকম্প অনূভুত হয়।
শক্তিশালী এ ভূমিকম্পে রাজধানীর বংশালে একটি ভবনের রেলিং ধসে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, বংশালের কোশাইতলীতে ৫ তলা একটি ভবনের রেলিং পড়ে ৩ জন পথচারী নিহত হয়েছেন।
ভূমিকম্পে রাজধানীর আরমানীটোলায় একটি ভবন ধসে পড়েছে বলে জানা গেছে।ফায়ার সার্ভিসের ঢাকার কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এ তথ্য জানান।
কন্ট্রোল রুম থেকে জানানো হয়, ভূমিকম্পের ঘটনায় আমাদের একাধিক কল এসেছে। এরমধ্যে আরমানীটোলায় একটি ভবন ধসের সংবাদ পেয়েছি। ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।
এদিন সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া এই ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।
পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।
জানা গেছে, আরমানীটোলা ছাড়াও ভূমিকম্পে খিলগাঁওয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হেলে পড়েছে কলাবাগান, মাতুয়াইল ও নিউমার্কেটের পাশের একটি ভবন।
এছাড়া ঢাকা কলেজের আখতারুজ্জামান ইলিয়াস হলের ছোট অংশ ভেঙে গেছে। অন্যদিকে ভূমিকম্পের সময় ভয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের চারতলা থেকে একজন লাফ দিয়েছেন। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
সীমান্তবর্তী শেরপুর জেলাতে ভূমিকম্প অনূভুতি হয়েছে। ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, গাজিপুরসহ বেশকিছু জেলা থেকে ভূমিকম্প হওয়ার খবর পাওয়া গেছে।

















