জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখে আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশের গেজেট জারি করেছে আইন মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ও গেজেট প্রকাশ হয়।
নতুন সংশোধনী অনুযায়ী, এখন থেকে কোনো রাজনৈতিক জোটের মনোনীত প্রার্থী হলেও তাকে নিজ দলের নির্বাচনী প্রতীকেই ভোটে অংশ নিতে হবে। অর্থাৎ, জোটগত প্রার্থীরাও আর অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারবেন না।
এছাড়া, ভোটার তালিকা আইন সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংংশোধন, ভোটকেন্দ্র নীতিমালা, দেশি-বিদেশি পযবেক্ষণ নীতিমালা, সাংবাদিক নীতিমালাসহ সব ধরনের আইন-বিধি সংস্কার করেছে ইসি।
নতুন সংশোধনীতে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের পর বছরের যে কোনো সময় ভোটার তালিকা প্রকাশের ক্ষমতা পেল ইসি।
গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এরপর জোটের প্রতীকের সংশ্লিষ্ট ২০ অনুচ্ছেদে সংশোধন নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি সংশোধন বহাল রাখার দাবি তোলে।
অবশেষে জোট করলেও ভোট করতে হবে স্ব স্ব দলের প্রতীকে-এমন বিধান রেখেই অধ্যাদেশ জারি হলো। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ সংশোধন আনা হয়েছে আরপিওতে। আরপিও সংশোধন হওয়ায় এর আলোকে দ্রুত দল ও প্রার্থীর আচরণ বিধিমালা জারি করবে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

















