ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি আসনের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে শেরপুরের তিনটি আসনেরই প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষণা অনুযায়ী, শেরপুর-১ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
দলীয় সূত্রে জানা যায়, শেরপুর-১ (সদর) আসনের ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ২০১৮ সালে ধানের শীষ প্রতীকে লড়েছেন। ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দেশের সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে লড়াই করে বেশ সাড়া ফেলেছিলেন।
এদিকে দলীয় মনোনয়ন পাওয়ায় প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। তাৎক্ষণিকভাবে নেতাকর্মীরা আনন্দ মিছিলও করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন নেতাকর্মীরা।
শেরপুর-১ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা বলেন, আমাকে মনোনীত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশমাতা বেগম খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাই কমান্ডের প্রতি কৃতজ্ঞ। আমি সবাইকে নিয়ে শেরপুরের উন্নয়নে কাজ করে যেতে চাই। বিভেদ নয় ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রতীককে বিজয়ী করতে সবার সহযোগিতা চাই।

















