আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারী জমিতে ভবন নির্মাণের তথ্য চাওয়ায় সাংবাদিকের ওপর দখলকারীদের হামলাঃ থানায় অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারী জমিতে সঞ্জয় চৌধুরী ও হৃদয় চৌধুরী অবৈধ ভাবে ভবন নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টির তথ্য সংগ্রহ করতে গেলে দখলকারীরা দুই সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার হুমকি দিয়েছেন বলে জানাগেছে। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পৌর এলাকার মুক্তিযোদ্ধা সংসদ মোড় এলাকায় এ হামলা ও হুমকির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মুক্তিযোদ্ধা সংসদ মোড় এলাকায় সরকারী জমিতে অবৈধ ভাবে ভবন নির্মাণ করার ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় ভবন নির্মানের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। ঘটনারস সত্যতা ও তথ্য জানতে দৈনিক কালবেলা পত্রিকার উপজেলার প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন ও দৈনিক ঘোষনা পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি তৌকির আহম্মেদ হাসু ঘটনাস্থলে যান। সাংবাদিক পরিচয় পেয়ে সঞ্জয় চৌধুরী ও হৃদয় চৌধুরী ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে সাংবাদিকদের ওপর হামলা চালায় এবং প্রাননাশের হুমকি দেয়।
হামলায় আহত সাংবাদিক ইসলাম হোসেন ও তৌকির আহমেদ হাসুকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। আহত দুই সাংবাদিককে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জানএর নিকট চিকিৎসাধীন আছেন। সংবাদপেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় মোঃ ইসমাইল হোসেন (৪৫) বাদী হয়ে হামলাকারী উপজেলার দিয়ার কৃষ্ণাই গ্রামের লক্ষী চাঁনের পুত্র সঞ্জয় চৌধুরী (৪৫) ও হৃদয় চৌধুরী (৪০)কে বিবাদী করে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমের কর্মীরা রাষ্ট্রীয় জমিতে অবৈধ দখল ও সাংবাদিক নির্যাতনের উদ্বেগজনক ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে অভিযুক্ত সঞ্জয় চৌধুরীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, সাংবাদিকদের সাথে বাকবিতন্ড হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক ইসমাইল হোসেন জানান, রাষ্ট্রীয় সম্পত্তি দখল করে ভবন নির্মাণের বিষয়টি সাংবাদিক হিসেবে জানতে চাইতেই আমার ওপর এই হামলা করে ভূমিদস্যু সঞ্জয় চৌধুরী ও হৃদয় চৌধুরী। এ ঘটনায় সংবাদ পরিবেশন করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলে জানান তারা।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম রাশেদ জানান, অভিযোগটি হাতে পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
















