নিম্ন আদালতে যতই সংস্কার করা হোক না কেন, উচ্চ আদালত সংস্কার করা না হলে বিচার প্রার্থীরা সুফল পাবে না বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা ড. আসিফ নজরুল। এখনো সংস্কার শেষ হয়নি জানিয়ে অন্তর্বর্তী সরকার যতদিন থাকবে, সংস্কারও চলমান থাকবে বলে জানান তিনি।
আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সার্কিট হাউজ প্রাঙ্গণে ই-বেইলবন্ড প্রবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আইন উপদেষ্টা বলেন, ‘এই সরকার মানবিক সরকার ও দেশে সুশাসন প্রতিষ্ঠার সরকার। তাই দেশের বিচার ব্যবস্থায় মানুষের ভোগান্তি কমাতে ও সহজ করতে ই-বেইলবন্ডের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে বিচার প্রার্থীরা দ্রুত সময় সুফল পাবে।’
এর আগে দেশের প্রথমবারের মতো নারায়ণগঞ্জে পরীক্ষামূলকভাবে ই-বেইলবন্ড প্রবর্তন কার্যক্রমের উদ্বোধন করেন আইন উপদেষ্টা। ধীরে ধীরে সারা দেশে এই উদ্যোগ সম্প্রসারণের কথা জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার জসিমউদদীনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘বিচার ব্যবস্থায় কাগজনির্ভর বেইলবন্ডের পরিবর্তে ই-বেইলবন্ড পদ্ধতি চালু করায় দেশে নতুন মাইলফলক সৃষ্টি হবে।’ এই উদ্যোগ বিচার প্রার্থীদের সময় ও ব্যয় সাশ্রয় হবে বলে জানান তিনি।

















