র্যাব ও ডিজিএফআই-এর বন্দিশালায় গুম-নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, জিয়াউল আহসানসহ ৩০ জনের বিরুদ্ধে দুটি মামলা আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বুধবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ অভিযোগ আমলে নেন। একইসঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এরআগে, প্রসিকিউশনের পক্ষ থেকে আজ বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আনুষ্ঠানিক অভিযোগ দুটি দাখিল করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম।
প্রসিকিউটর গাজী তামিম বলেন, র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশনের (টিএফআই) মাধ্যমে গুমের ঘটনায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে ৫টি এবং ডিজিএফআই পরিচালিত জয়েন্ট ইন্টারোগেশনের (জেআইসি) মাধ্যমে গুমের ঘটনায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকসহ ১৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে।

















