আগামী রবি অথবা সোমবার নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ইসি সচিব বলেন, ‘আগামী ২২ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আসবেন। তারা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন। দল নিবন্ধন চূড়ান্ত হবে রবি অথবা সোমবার। অংশীজনদের সঙ্গে সংলাপের তারিখ শিগগিরই জানানো হবে। পর্যবেক্ষকরা চূড়ান্ত হবে আগামী সপ্তাহে।’
গত ১০ আগস্ট ইসির অতিরিক্ত সচিব আলী নেওয়াজ জানান, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৬টি রাজনৈতিক দল নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
গত ২২ জুন পর্যন্ত ১৪৫টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইসিতে ১৪৭টি আবেদন করেছিল। তবে প্রাথমিক বাছাইয়ে কোনো দলই শর্ত পূরণ করতে পারেনি। এ কারণে এনসিপিসহ সব রাজনৈতিক দলকে শর্ত পূরণের জন্য ১৫ দিন সময় দেওয়া হয়। গত ৩ আগস্ট বিকেল ৫টায় এ সময়সীমা শেষ হয়।
ইসি জানায়, ১৪৫টির মধ্যে মাত্র ৮০টি রাজনৈতিক দল ইসির শর্ত অনুযায়ী নথি দাখিল করে। সে সময় যাচাই-বাছাইয়ের জন্য ১৬ দলকে মাঠপর্যায়ের তদন্তের জন্য পাঠানো হয়।
নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে একটি দলের কেন্দ্রীয় কমিটি, এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলায় কমিটি থাকতে হয় এবং প্রতিটি কমিটিতে অন্তত ২০০ জন ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। কোনো দলের কোনো সদস্য যদি আগে সংসদ সদস্য নির্বাচিত হন বা পূর্ববর্তী নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পায়, তবে সেটিও নিবন্ধনের যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।
এ ছাড়া আরও কিছু শর্ত মেনে ইসিতে আবেদন করতে হয়। সাধারণত প্রাথমিক বাছাইয়ে এ বিষয়গুলোকেই প্রাধান্য দেওয়া হয়। নির্বাচন কমিশনের নিবন্ধন ছাড়া কোনো রাজনৈতিক দল দলীয় প্রতীকে ভোটে প্রার্থী হতে পারে না।
দেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১। তবে গত বছরের জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে দলটির কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। এরপর দলটির নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন।
নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে, ২০০৮ সালে এই নিবন্ধন প্রক্রিয়া চালু হয়। এখন পর্যন্ত মোট ৫৫টি দল ইসির নিবন্ধন পেয়েছে। তবে পরে শর্ত পূরণে ব্যর্থতা ও আদালতের নির্দেশে ৫টি দলের নিবন্ধন বাতিল করা হয়। দলগুলো হলো—জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা।
তবে সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপা নিবন্ধন ফিরে পেয়েছে।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, ‘সীমানা নিয়ে ১৪টি রিট হয়েছে। আদালতের বিষয় নিয়ে কথা বলা ইসির এখতিয়ার নয়৷ সিদ্ধান্ত আসা পর্যন্ত অপেক্ষা করবে ইসি।’
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হবে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, ‘কোন রাজনৈতিক দলকে সংলাপে ডাকা হবে সেটা কমিশনের সিদ্ধান্ত।’

















