আর্জেন্টিনার জার্সিতে আর্জেন্টিনার মাটিতে সম্ভাব্য শেষ ম্যাচ- বিশেষ এই ম্যাচটাকে বিশেষভাবেই রাঙিয়েছেন লিওনেল মেসি। ৩৮ বছর বয়সী এ মহাতারকার জোড়া গোলে ভর করে ভেনেজুয়েলাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা।
ঘরের মাঠের দর্শকদের সামনে শেষবারের মতো খেলতে নেমে আবেগ ধরে রাখতে পারেননি মেসি। ওয়ার্ম আপের সময় কেঁদেছেন, আবেগি ছিলেন জাতীয় সংগীতের সময়ও। ম্যাচ শেষে বিশেষ আয়োজনের জন্য ধন্যবাদও জানিয়েছেন। কথা বলেছেন আরও অনেক কিছু নিয়েই। তবে শুধু এড়িয়ে গেছেন একটা প্রশ্ন- পরের বিশ্বকাপ খেলবেন কি না!
২০২৬ বিশ্বকাপের এখনও বাকি প্রায় ৯ মাস। সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বসেরার শিরোপা এনে দেওয়া মেসি যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো অনুষ্ঠেয় পরের বিশ্বকাপে খেলবেন কিনা, সে প্রসঙ্গে কৌশলী উত্তর দিয়েছেন। আর্জেন্টাইন অধিনায়ক সেই পুরোনো কথাই নতুন করে বলেছেন। তিনি জানিয়েছেন, এখনও সে ব্যাপারে সিদ্ধান্ত নেননি।
পরের বিশ্বকাপ প্রসঙ্গের আগে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের বিষয়ে খোলাসা করেছেন মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে আজকের ম্যাচের পর বিশ্বকাপ বাছাইয়ে আরেকটা ম্যাচ বাকি আর্জেন্টিনার। আগামী বুধবার ভোরে ইকুয়েডরের বিপক্ষে বাছাইয়ের শেষ ম্যাচটা খেলবে লিওনেল স্কালোনির দল। আজ ম্যাচ শেষে মেসি জানিয়েছেন, ওই ম্যাচটা খেলবেন না তিনি।
ম্যাচ শেষে তে ই সে স্পোর্তসকে মেসি বলেছেন, ‘আমি লিওর (স্কালোনি) সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি। অবশ্য সিদ্ধান্তটা তিনিই নিয়েছেন, আমার বিশ্রাম নেওয়া উচিত। আমি (সদ্য) চোট থেকে ফিরেছি। যদিও এখন বেশ ভালো বোধ করছি, এরপরও আরেকটা ম্যাচ খেলা ও ভ্রমণ এড়ানোই ভালো হবে বলে মনে করছি। যাতে সামনের ম্যাচগুলোর জন্য পুরোপুরি বিশ্রাম নিতে পারি।’
এরপরই পরের বিশ্বকাপ প্রসঙ্গে প্রশ্ন যায় মেসির কাছে। জবাবে আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘প্রশ্নটা খুবই স্বাভাবিক। বয়সের ভারে আমার সময় ফুরিয়ে আসছে। পরবর্তী (২০২৩ বিশ্বকাপের) বাছাইপর্ব শুরু হতে এখনও অনেকটা সময় বাকি। আমি নিশ্চিতভাবেই বলতে পারি, সে সময় আমি খেলব না। এখন আমি প্রতিটা দিন ধরে ধরে আগাচ্ছি। আশা করি, সামনে একটি ভালো প্রি-সিজন কাটাতে পারব।’
মেসি যোগ করেন, ‘আমি কখনো বলিনি যে (২০২৬) বিশ্বকাপ খেলব কি খেলব না। শুধু বলেছি, প্রতিটা দিন যেভাবে আসবে, সেভাবে সিদ্ধান্ত নেব। সবসময়ই বলেছি, বয়স বিবেচনায় সবচেয়ে এটা ভাবা স্বাভাবিক যে, আমি হয়তো আর বিশ্বকাপে খেলতে পারব না।’
আর্জেন্টিনায় শেষের দিনে মেসি কাঁদলেন, ‘মেসি’ হয়েই মন রাঙালেন
অবশ্য নামটা যখন মেসি, তখন কি আর বয়স খুব একটা বাধা হয়ে দাঁড়াতে পারে? এরপরও মেসি এখনই সিদ্ধান্ত নিতে নারাজ। তিনি জানিয়েছেন, শরীরের অবস্থা বুঝেই সিদ্ধান্ত নেবেন, ‘প্রতিদিনই আমি ভালো থাকতে চেষ্টা করি। সবচেয়ে বড় কথা, নিজের প্রতি সৎ থাকতে চেষ্টা করি। আর যখন ভালো থাকতে পারি না, সত্যি বলতে, তখন কোনো কিছুই উপভোগ্য করতে পারি না। আর যদি এমনটা হয়, তাহলে আমি সেখানে (২০২৬ বিশ্বকাপে) থাকতে চাই না। তাই দেখা যাক কী হয়। আমি এখনো বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্ত নেইনি।’
তাহলে কবে বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, সেটার জবাবে মেসি বলেছেন, ‘আগে ম্যাচ ধরে ধরে মৌসুম শেষ করব। তারপর প্রি-সিজন। ছয় মাস পর বুঝতে পারব আমার কেমন লাগছে। আশা করি, এমএলএস মৌসুমটা ভালোভাবে শেষ করতে পারব, ২০২৬ এর প্রি-সিজনটা ভালো যাবে। এরপরই সিদ্ধান্তটা নেব।’

















