রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ সেশনের প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল। তাঁরা কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। যার ফলে বন্ধ রয়েছে শেষদিনের মনোনয়নপত্র উত্তোলন।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে কোষাধ্যক্ষের কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় তাঁরা। এরআগে তাঁরা সকাল সাড়ে ৯টা থেকে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
এ সময় ‘রাকসু ফি দিয়েছি, ভোটার হতে চেয়েছি’, ‘লড়তে হলে লড়ব, ভোটাধিকার নিয়ে যাব’, ‘প্রথম বর্ষের ভোটাধিকার, দিতে হবে দিতে হবে’সহ নানা স্লোগান দেন সংগঠনটির নেতা-কর্মীরা।
এদিকে, রাকসু নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন করতে আসা সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয়পক্ষের সঙ্গে আলোচনার প্রক্রিয়া চলছে।

















