⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শাহবাগ মোড় অবরোধ করেছেন প্রকৌশলের শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ

HTML tutorial

দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে তিন দফা দাবিতে আজ বুধবার বেলা ১১টার দিকে ওই মোড়ে অবস্থান নেন তারা।

শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ায় পুরো এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন এ পথে যাতায়াতকারীরা। এরআগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) থেকে শিক্ষার্থীদের একটি মিছিল শাহবাগ মোড়ে এসে পৌঁছায়। এরপর সেখানে অবস্থান নেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা বলেন, প্রকৌশল অধিকার আন্দোলনের ৩ দফা বাস্তবায়নের জন্য নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রকৌশলী রোকনুজ্জামানকে হত্যার হুমকি দেওয়া ডিপ্লোমা সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এ ছাড়া রাজপথ ছাড়বেন না তারা।

ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়াসহ তিন দফা দাবিতে আগেরদিন মঙ্গলবারও শাহবাগ মোড় অবরোধ করেন বুয়েট শিক্ষার্থীরা। তাদের এই কর্মসূচিতে অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেন। এতে রাজধানীর অন্যতম ব্যস্ত এ এলাকায় যান চলাচলে অচলাবস্থা সৃষ্টি হয়।

এক বিজ্ঞপ্তিতে আন্দোলনকারীরা জানান, সোমবার নেসকো কার্যালয়ে বুয়েটের ইইই বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে ডেকে নিয়ে গলা কেটে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেন তারা।

শিক্ষার্থীদের ৩ দফা দাবি হলো– ১. নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ২. দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০ শতাংশ কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করতে হবে। ৩. বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না; করলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

HTML tutorial

Leave a Reply