জামালপুরের ইসলামপুরে সাবেক যুবলীগ নেতার বাড়ি থেকে অটল নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার আমতলী বাজারের পাশে সাবেক যুবলীগ নেতা টারজানের ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাকছুদুল হাসান অটল উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ গ্রামের সোনা পালোয়ানের ছেলে। তিনি বগুড়া জেলায় থাকতেন। এদিকে টারজান উপজেলার চিনাডুলি ইউনিয়ন যুবলীগের পদধারী নেতা ছিলেন এবং শেখ হাসিনা সরকার পতনের আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুল ইসলাম জানান, সকালে টারজানের ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে যুবকের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পাঠায়। তবে পারিবারিক কলহের কারণে অটল আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত অটল ও সাবেক যুবলীগ নেতা টারজান আত্মীয় ছিলেন বলে জানায় স্থানীয়রা।

















