বান্দরবানের রুমা উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনের মধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন– উপজেলার পাইন্দু ইউনিয়নের আলেচু পাড়ার বাসিন্দা ক্যহ্লাওয়াং মারমা (৩০), উহাইসিং মারমা (২২) ও ক্যসাইওয়াং মারমা (২৩)। অভিযুক্ত অন্য দুজন হলেন– চহাই মার্মা (২০) এবং ক্যওয়াংসাই মার্মা (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুমা উপজেলার একটি এলাকার ওই শিক্ষার্থীকে এক মাস ধরে পাঁচ যুবক ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিল। প্রথমে এক বন্ধু ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে অন্য বন্ধুদের জানায়। পরে পাঁচ বন্ধু মিলে সংঘবদ্ধ ধর্ষণ করতে থাকে তাকে। পরে মঙ্গলবার ঘটনাটি নিয়ে সামাজিক বিচারের মাধ্যমে অভিযুক্তদের ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপ্স) জিনিয়া চাকমা জানান, ঘটনা শোনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে তিনজনকে আটক করেছে। মূল ঘটনটা উদঘাটনের জন্য তদন্ত চলছে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

















