ঢাকা কেন্দ্রীয় কারাগারের অসুস্থ এক হাজতির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
ওই হাজতির নাম কিরণ পরিতোষ চন্দ্র (৫০)। তাঁর বাবার নাম যগেন্দ্র চন্দ্র সূত্রধর। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
হাজতি পরিতোষকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী তোফায়েল বলেন, ‘আজ সকালের দিকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী মিলে তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। জরুরি বিভাগের ডাক্তার পরিতোষকে মৃত ঘোষণা করেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাতে হাজতি পরিতোষের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

















