ভারতের মেঘালয়ের খাসি হিলসে গণপিটুনিতে নিহত শেরপুরের ঝিনাইগাতী উপজেলার যুবক আকরাম হোসেনের (৩০) এর মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। রোববার (১৭ আগস্ট) দুপুরে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে নিহত আকরামের মরদেহ হস্তান্তর করা হয়।
নিহত আকরাম শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দিন পাগলার ছেলে।
এ সময় ভারতীয় স্থানীয় পুলিশ, নেত্রকোনার কলমাকান্দা থানা পুলিশ এবং নিহত আকরামের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
নিহতের বড় ভাই শেখ ফরিদ লাশ গ্রহণের সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা লাশ নিয়ে নেত্রকোনা জেলা হাসপাতালে এসেছি। এখানে ময়নাতদন্ত হবে। তারপর মরদেহ নিয়ে নেত্রকোনা থানায় যেতে হবে। সেখান থেকে ছাড়পত্র নেওয়ার পর বাড়ির পথে রওনা হবো।” তিনি আরও জানান, আকরামের লাশ আমাদের ঝিনাইগাতীর বাঁকাকুড়া গ্রামের বাড়িতে দাফন করা হবে।
উল্লেখ্য, গত ১০ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলার কৈথাকোণা গ্রামে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে স্থানীয়রা আকরামকে আটক করে এবং নির্মমভাবে মারধর করলে তার মৃত্যু ঘটে।
তার মৃত্যুর পর থেকেই পরিবারের লোকজন ও এলাকাবাসীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা আকরামের হত্যার বিচার ও লাশের জন্য দাবি জানিয়ে আসছিলো।

















