ময়মনসিংহের মনতলায় বহুল আলোচিত আশরাফ হত্যা মামলা ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। দীর্ঘ ২৩ বছর পরে ২১ জুলাই দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোহাম্মদ হারুন-অর-রশীদ এ রায় প্রদান করেন।
রায়ে ছয় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন আদালত। মামলার ৯ আসামির মধ্যে ৬ জনের কারাদণ্ড হলেও অপর তিন আসামি বিচার প্রক্রিয়ার মাঝেই মৃত্যুবরণ করায় তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ আমলে নেয়নি আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, ময়মনসিংহ সদরের আবেদ আলীর ছেলে আব্দুল মোতালেব্ব, ইউনুছ আলীর ছেলে সোহেল, মৃত আমীর উদ্দিনের ছেলে আব্দুল হাই ওরফে হীরা,আব্দুল হাই ফকির ওরফে আবুল মেম্বারের ছেলে ফরিদ,মুক্তাগাছা উপজেলার, কুমারগাথা গ্রামের, মৃত আব্দুল রাজ্জাক সওদাগরের ছেলে আব্দুছ ছালাম।
জামালপুরের সরিষাবাড়ীর মৃত সোলায়মান সেকের ছেলে রমজান আলী।
মামলার শুরু থেকে তাদের নাম উঠে আসে তদন্ত প্রতিবেদনে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে বিচার কার্য সম্পন্ন হয়।
নিহত আশরাফের পরিবারের সদস্যরা রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এতদিনের দুঃসহ অপেক্ষার পর বিচার পেলাম, এখন অন্তত আত্মা শান্তি পাবে।
মামলার পেশকার মামুন মিয়া সাথে মুঠো ফোনে কথা বলে জানা যায়, মোট ৯ আসামির মধ্যে ৩ জন ইতোমধ্যে মারা গেছেন। বাকি ছয়জনের বিরুদ্ধে রায় হয়েছে যাবজ্জীবন।
একসময় যে হত্যাকাণ্ড গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল, সেই মামলার রায়ে এখন শান্তির নিঃশ্বাস ফেলছে এলাকাবাসী। রায়কে ঘিরে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

















