বগুড়া প্রতনিধিি :
বগুড়ার নন্দীগ্রামে স্ত্রীকে ভিডিও কলে রেখে সাব্বির হোসেন (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে পৌর এলাকার দামগাড়া সড়ক পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত সাব্বির উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় দুই বছর আগে ঢাকায় পোশাক কারখানায় চাকরির সুবাদে সাব্বিরের সঙ্গে পরিচয় হয় সুমাইয়া খাতুন (২০) নামে এক তরুণীর। পরে তারা বিবাহ করেন। বিয়ের পর মাসখানেক আগে স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ফিরলে তার পরিবারের সদস্যরা তাদের মেনে নেয়নি। পরে স্ত্রীকে নিয়ে পৌর এলাকার দামগাড়া সড়কে একটি ভাড়া বাসায় ওঠেন এবং স্থানীয় এক হোটেলে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন সাব্বির। সেখানে থাকা অবস্থায় সপ্তাহখানেক আগে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হলে সুমাইয়া ঢাকায় ফিরে যান। এরপর থেকে স্ত্রীকে বারবার ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন সাব্বির। শেষ পর্যন্ত শুক্রবার রাতে স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ওড়না পেঁচিয়ে অত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

















