ভারত থেকে পাচার হয়ে আসা ৪ লাখ ৭৪ হাজার ব্লেড জব্দ করেছে র্যাব-১৪। আজ বুধবার সকালে জামালপুর সদরের বিনন্দেরপাড়া এলাকা থেকে এসব ভারতীয় ব্লেড জব্দ করা হয়। জব্দ হওয়া ব্লেডের বাজার মূল্য আনুমানিক ২৩ লাখ ৭০ হাজার টাকা।
এ সময় দুজনকে আটক করা হয়। আটক দুজন হলেন, দেওয়ানগঞ্জ উপজেলার খরমা মধ্য পাড়া এলাকার মাইক্রোবাস চালক সাদ্দাম হোসেন ও পাচার কাজে জড়িত দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া এলাকার আবুল খায়ের।
আজ বুধবার সকাল ১০টায় জামালপুর র্যাব কার্যালয়ে এ তথ্য জানান র্যাব-১৪ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম।
আমিনুল ইসলাম জানান, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাস দিয়ে ভারতীয় পণ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকার দিকে যাচ্ছিল। এই খবর পেয়ে ভোর সাড়ে ৫টায় র্যাবের একটি দল জামালপুর সদরের বিনন্দেরপাড়ায় চেকপোস্ট বসায়। এ সময় একটি সাদা মাইক্রোবাস চিহ্নিত করে তল্লাশি করা হয় এবং ৪ লাখ ৭৪ হাজার ব্লেড উদ্ধার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, মাইক্রোবাস জব্দের পাশাপাশি দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

















