শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার গৌরিপুর ইউনিয়নের বনগাঁও পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম মো. শাহজাহান (২৬)। তিনি ওই গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে।
পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, মো. শাহজাহান মঙ্গলবার দিবাগত রাতে প্রতিদিনের মতো তার ব্যাটারিচালিত অটোরিকশাটি নিজ বাড়িতে চার্জে দিয়ে রাখেন। পরে আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে অটোরিকশার চার্জা থেকে বিদ্যুৎসংযোগ খুলতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি আহত হন। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমীন বলেন, অটোচালক শাহজাহানের মৃত্যু নিয়ে অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

















