কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, সার, কীটনাশক এবং কৃষি যন্ত্রপাতি বিষয়ে সচেতনতা তৈরি করতে জামালপুরের সরিষাবাড়ীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি মেলা। মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষকদের দক্ষ করতে এ মেলার আয়োজন করা হয়।
উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে মেলা উদ্বোধন করেন উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিনএর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ প্রমূখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি মেলার মাধ্যমে কৃষক, কৃষি উদ্যোক্তা ও সাধারণ জনগণের মধ্যে কৃষি বিষয়ক জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে। এ মেলা থেকে কৃষকরা নতুন প্রযুক্তি, উন্নত জাত ও সাশ্রয়ী চাষাবাদের পদ্ধতি শিখে তা মাঠ পর্যায়ে প্রয়োগ করতে পারবেন। কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাত এবং টেকসই ও সাশ্রয়ী কৃষি চাষাবাদের বিভিন্ন উপায় সম্পর্কে জানতে পারছেন, যা মাঠ পর্যায়ে তাদের উৎপাদন ও আয় বৃদ্ধি করবে।
মেলায় কৃষি আধুনিকতার মডেল গ্রাম, আইপিএম কর্ণার, জৈব কৃষি কর্ণার, প্ল্যান্ট ডক্টর’স ক্লিনিক, পলিনেট নার্সারি, খামার যান্ত্রিকরণ, ই-কৃষি কর্ণারসহ ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রদর্শনী এবং বিক্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে।

















