মনির হোসেন: নারায়ণগঞ্জে যৌথ অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনকালে ২টি ড্রেজার ও ১টি বাল্কহেড জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার (২২ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, নারায়ণগঞ্জ সদর থানাধীন ধর্মগঞ্জ মোহনা সংলগ্ন এলাকায় গত ২১ জুন রবিবার সকাল সাড়ে ১১ টা হতে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা হতে অবৈধভাবে মাটি উত্তোলনকালে ২ টি ড্রেজার (গ্রাফ) ও ১ টি বাল্কহেড জব্দ করা হয়। এসময়, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত ড্রেজার (গ্রাফ) ও বাল্কহেড এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বক্তাবলী নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, মাটিখেকোদের হাত থেকে ফসলি জমি এবং আবাসস্থল রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

















