ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসেই বহুল আলোচিত রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, ‘নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলাগুলোর দ্রুত বিচার নিশ্চিতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।’
সোমবার বিকেলে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘১ জুন থেকে রামিসা হত্যা মামলার বিচার শুরু হচ্ছে। ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসেই বিচার কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে ২৪ ঘণ্টার মধ্যেই আসামি জবানবন্দি দিয়েছে। আমরা বলেছিলাম, এক সপ্তাহের মধ্যে চার্জশিট দেওয়া হবে। সেই প্রক্রিয়ায় আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি।’
ঝিনাই দহে এনসিপির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টিকে এনসিপি যেমন রাজনৈতিকভাবে দেখছে, বিএনপিও একইভাবে দেখছে। তবে নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে স্থানীয়ভাবে যে আচরণ করা হয়েছে, তা কেউ কামনা করে না এবং সেটি শোভনীয়ও নয়।’
এর আগে সভায় জুলাই সনদ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘জুলাই সনদকে সবচেয়ে বেশি ধারণ করছে বিএনপি। সনদ বাস্তবায়নে দাঁড়ি, কমা, সেমিকোলনসহ ধাপে ধাপে এগিয়ে যাওয়া হচ্ছে।’

















