সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ইটভাটার ব্যাপক ধোঁয়া, অসহনীয় তাপমাত্র ও উড়ন্ত ছাইএর প্রভাবে বোরো ধানসহ ফসলের ক্ষতি হয়েছে বলে জানাগেছে। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চকপাড়া এলাকায় ইটভাটার ক্ষতিকর প্রভাবে ২৫/৩০ বিঘা জমির বোরো ধানসহ বিভিন্ন ফসল, বনজ ও ফলদ গাছের ব্যাপক ক্ষতির অভিযোগ উঠেছে। এতে শতাধিক কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। রোববার (১০ মে) ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত ক্ষতিপূরণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চকপাড়া ও আশপাশের কয়েকটি গ্রামের কৃষিজমির পাশে গড়ে ওঠা ইটভাটাগুলোর ধোঁয়া, তীব্র গরম বাতাস ও ছাইএর প্রভাবে ধানের শীষ পুড়ে গেছে। অনেক জমিতে ধান পরিপক্ব হওয়ার আগেই তা শুকিয়ে নষ্ট হয়ে গেছে। শুধু বোরো ধানই নয়, শাক-সবজি, ইউক্যালিপটাস গাছ, বাঁশঝাড়সহ বিভিন্ন বনজ ও ফলদ বৃক্ষও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে। দিকপাইত-তারাকান্দি মহাসড়কের পূর্বপাশে মেসার্স চানহা ব্রিকস। এরপশ্চিম পাশের চকপাড়া এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল আজিজ, আব্দুস সাত্তার, মুজিবর রহমান, আজীরন বেওয়া, চায়না বেগম, রওশনারা, মকবুল হোসেন ভোলা, আবুল হোসেন, আরিফুল ইসলাম, হেলাল মিয়া ও মোকছেদ আলীসহ অনেকেই অভিযোগ করে বলেন, চলতি বোরো মৌসুমে ভালো ফলনের আশায় চাষাবাদ করেছিলেন। কিন্তু ইটভাটার ধোঁয়া ও তাপে সেই স্বপ্ন ভেঙে পড়েছে।
কৃষক মোকছেদ আলী বলেন, “এক একর জমিতে ধান আবাদ করেছি। কিন্তু ইটভাটার ধোঁয়া ও গরম বাতাসে ধান শুকিয়ে নষ্ট হয়ে গেছে। এখন পরিবার নিয়ে দুশ্চিন্তায় আছি।”
অপর কৃষক মকবুল হোসেন ভোলা বলেন, “অনেক কষ্ট করে বোরো ধান চাষ করেছি। মাঠে গিয়ে দেখি ধানের শীষ শুকিয়ে গেছে। এ ক্ষতি পুষিয়ে নেওয়া আমাদের পক্ষে খুবই কঠিন।”
স্থানীয় কৃষিবিদ আব্দুল মজিদ বলেন, কৃষিজমির আশপাশে অপরিকল্পিত ও অবৈধভাবে ইটভাটা পরিচালনার কারণে প্রতিবছরই ফসল ও পরিবেশের ক্ষতি হচ্ছে। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ জানিয়েছেন, স্থানীয় কৃষকদের অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ইটভাটার প্রভাবের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

















