⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ময়মনসিংহ রেঞ্জে নতুন আরআরএফ গঠনের অনুমোদন, সৃষ্টি হলো ২৮০টি পদ

HTML tutorial

ময়মনসিংহ ব্যুরো :

ময়মনসিংহ রেঞ্জ পুলিশের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রেঞ্জের অধীনে নতুন একটি রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) গঠনের অনুমোদন দিয়েছে সরকার। নতুন এ ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন পদমর্যাদার ২৮০টি পদ সৃষ্টি করা হয়েছে। এছাড়া ইউনিটটির প্রয়োজনে আটটি যানবাহন টিওঅ্যান্ডইভ করার মঞ্জুরিও দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ২ নভেম্বর ২০২৬ তারিখে এ সংক্রান্ত সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়। আদেশে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তানভীর- আল-নাসীফ। পরে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা শাখা-৫ থেকে ১৭ নভেম্বর সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পত্র পাঠানো হয়। ওই পত্রে স্বাক্ষর করেন অর্থ বিভাগের উপসচিব কাজী লুতফুল হাসান।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা-এর সার্বিক তত্ত্বাবধানে রেঞ্জ পুলিশের সাংগঠনিক কাঠামো সম্প্রসারণের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। নতুন আরআরএফ চালু হলে অতিরিক্ত জনবল ও যানবাহন ব্যবহার করে রেঞ্জ পুলিশের অভিযান, নিরাপত্তা, সাড়াদে এবং সমন্বিত কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

সৃষ্টি হলো ২৮০টি পদ:

অনুমোদিত ২৮০টি পদের মধ্যে রয়েছে একজন কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), একজন পুলিশ সুপার (এসপি), দুইজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি), চারজন পুলিশ পরিদর্শক (সশস্ত্র), পাঁচজন এসআই (নিরস্ত্র), ১২ জন এসআই (সশস্ত্র), দুইজন এএসআই (নিরস্ত্র), ২০ জন এএসআই (সশস্ত্র), ২০ জন নায়েক এবং ২০০ জন কনস্টেবল।
এছাড়া প্রশাসনিক ও সহায়ক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান সহকারী, স্টেনোগ্রাফার, উচ্চমান সহকারী, হিসাবরক্ষক, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বিক্রয় সহকারী, ওজনদার এবং অফিস সহায়ক পদও সৃষ্টি করা হয়েছে।

পাচ্ছে আটটি যানবাহন:

নতুন আরআরএফ ইউনিটের জন্য অনুমোদিত আটটি যানবাহনের মধ্যে রয়েছে একটি জিপ, দুটি ডাবল কেবিন পিকআপ, একটি তিন টন ক্ষমতার ট্রাক, একটি পাঁচ টন ক্ষমতার ট্রাক, একটি বাস এবং দুটি মোটরসাইকেল।
মঞ্জুরি আদেশে বলা হয়েছে, নতুন ইউনিট গঠন ও পরিচালনায় সংশ্লিষ্ট ব্যয় পুলিশ বাজেটের সংশ্লিষ্ট খাতে বরাদ্দকৃত অর্থ থেকে নির্বাহ করা হবে। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত শর্তাবলি এবং বিদ্যমান বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

সক্ষমতা বাড়বে বলে প্রত্যাশা:

নতুন আরআরএফ গঠনের মাধ্যমে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের সাংগঠনিক কাঠামো আরও সম্প্রসারিত হবে। প্রয়োজনীয় জনবল ও যানবাহন সংযোজনের ফলে দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধি, বিভিন্ন ইউনিটের কার্যক্রমের সমন্বয় এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় রেঞ্জ পুলিশের কার্যকারিতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সংশ্লিষ্টদের বক্তব্য, নতুন ইউনিট চালু হলে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া, অভিযান পরিচালনা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও আন্দোলনের সময় নিরাপত্তা নিশ্চিত করা এবং রেঞ্জের বিভিন্ন জেলায় পুলিশের সহায়তা কার্যক্রম আরও কার্যকর হবে।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

19 November 2026

ময়মনসিংহ রেঞ্জে নতুন আরআরএফ গঠনের অনুমোদন, সৃষ্টি হলো ২৮০টি পদ

www.protidinerchithi.com