বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশে একটি পরিকল্পিত চক্রান্তের মাধ্যমে সংঘাত ও অস্থিরতা সৃষ্টি করে আসন্ন জাতীয় নির্বাচনকে অনিশ্চিত করে তোলার অপচেষ্টা চলছে।
তিনি বলেন, এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্ত বা পদক্ষেপে জাতিকে চরম বিপদের দিকে ঠেলে দেওয়া হতে পারে। পরীক্ষামূলক সিদ্ধান্ত নয়, দরকার বাস্তবভিত্তিক সিদ্ধান্ত। নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা ফিরে আসবে না। এমরান সালেহ প্রিন্স বৃহস্পতিবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরের জেলা পরিষদ ডাকবাংলো হলরুমে দিনব্যাপী বিএনপির অঙ্গ সংগঠনের সাথে ধারাবাহিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সকালে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, দুপুরে জাতীয়তাবাদী তাঁতী দল এবং বিকেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত সভাগুলোতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন: উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, যুগ্ম আহ্বায়ক আবদুল কুদ্দুস, মাহবুব উল আলম বাবুল, আবদুল মোমেন শাহীন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসাইন, সদস্য সচিব কামরুল হাসান সুমন, তাঁতী দলের আহ্বায়ক মিজানুর রহমান মনিক, সদস্য সচিব শামীম ইসলাম, মৎস্যজীবী দলের আহ্বায়ক উসমান গণি, সদস্য সচিব হাসান শাহ প্রমুখ।
সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচন প্রক্রিয়ার সংস্কার বিলম্বিত করা হচ্ছে। এটা কি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? – এ প্রশ্ন এখন জনমনে। পুরান ঢাকার সোহাগ হত্যা ও গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার উদাহরণ টেনে বলেন, এসব ঘটনা নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, হামলাকারী দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।
তিনি বলেন, বিএনপি অতীতেও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গেছে। পুলিশের প্রটেকশনে থাকা সশস্ত্র আওয়ামী বাহিনীর সন্ত্রাস মোকাবেলা করেও বিএনপি মাথা নত করেনি।
এ সময় তিনি এনসিপির কিছু নেতার বক্তব্যকে অপরিপক্ষতা বলে মন্তব্য করে বলেন, তাদের অদূরদর্শিতা গণঅভ্যুত্থানের শক্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। সেনা যানে ফিরে গিয়ে নিজেদের ভাবমূর্তি ধ্বংস করেছে।
সভায় তিনি তিনটি সংগঠনের নেতাকর্মীদের প্রতি ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার আহ্বান জানান।

















