জামালপুর প্রতিনিধি :
জামালপুর শহরে চুরি করতে এসে স্থানীয়দের ধাওয়ার মুখে ডাব গাছে উঠে বিপাকে পড়েন এক যুবক। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় তাঁকে গাছ থেকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের টিক্কাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টার দিকে তাঁকে গাছ থেকে নিচে নামিয়ে আনা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে ওই ব্যক্তি এলাকায় চুরি করতে আসেন। এ সময় স্থানীয়রা তাঁকে দেখতে পেয়ে ধাওয়া দেন। পালানোর চেষ্টা করতে গিয়ে তিনি একটি ডাব গাছে উঠে পড়েন। দীর্ঘ সময় পার হলেও তিনি গাছ থেকে নিচে নামছিলেন না।

পরে রাত ১০টার দিকে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নামানোর চেষ্টা করেন। প্রায় আড়াই ঘণ্টা ধরে নানা কৌশল অবলম্বন করেন তাঁরা। তাঁকে বুঝিয়ে ও টাকার প্রলোভন দেখিয়েও প্রথম দিকে নামানো সম্ভব হয়নি। অবশেষে রাত সাড়ে ১২টার দিকে তাঁকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে জামালপুর ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার রবিউল ইসলাম বলেন, ‘এক যুবক চুরি করতে এসে ডাব গাছে আটকা পড়েছেন, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রথমে ওই যুবক গাছ থেকে নামতে রাজি হচ্ছিলেন না। তাঁর ধারণা ছিল, নিচে নামলেই পুলিশ তাঁকে ধরে নিয়ে যাবে। পরে আমরা তাঁকে অনেক বুঝিয়েছি, কিন্তু তিনি নামতে রাজি হননি। একপর্যায়ে সাড়ে তিন ঘণ্টা পর তিনি নিজেই গাছ থেকে নেমে আসেন। তিনি অনেক ভয় পেয়েছিলেন। পরে তাঁকে বুঝিয়ে স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে।’

















