আজ দুপুরে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের পর মেলার গেট খুলে দেওয়া হবে সাধারণের জন্য। তবে এখনও বেশিরভাগ স্টলের কাজ বাকি।
বাংলা একাডেমি বলছে, বৃহস্পতিবারের মধ্যে সব কাজ শেষ হবে। প্রকাশকদের মতবিরোধ আর দ্বিতীয় দফায় লটারির কারণেই দেরি হয়েছে। এদিকে, মেলা ঘিরে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বহুমাত্রিক বাংলাদেশ- প্রতিপাদ্য বিষয় নিয়ে শুরু হচ্ছে এবারের বইমেলা। দুপুর দুইটায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তুলে দেবেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫।
উদ্বোধনের অপেক্ষায় থাকা মেলা ঘুরে দেখা যায়, বুধবার রাত পর্যন্ত বেশিরভাগ স্টলেরই কাজ শেষ হয়নি।
প্রকাশকদের মতবিরোধের নিস্পত্তি করতে স্টল বরাদ্দে দ্বিতীয় দফায় লটারি করে বাংলা একাডেমি। হাতে সময় কম থাকায় প্রস্তুতির জন্য বাড়তি সময় লাগছে বলেও রাতে জানান প্রতিষ্ঠানটির উপসচিব ডক্টর সেলিম রেজা।
এর আগে, বুধবার সকালে, মেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে আসেন ডিএমপি কর্মকর্তারা। জানান, মেলার প্রবেশ ও বের হওয়ার পথে বসানো হয়েছে প্রয়োজনীয় সংখ্যক আর্চওয়ে।নিরাপত্তা নজরদারি বাড়াতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও ।
২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

















