জাতীয় নির্বাচন নিয়ে সরকার, নির্বাচন কমিশন, পুলিশসহ সেনা, নৌ ও বিমানবাহিনী—সবাই আন্তরিকভাবে আগ্রহী। সেক্ষেত্রে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার গাজীপুর জেলা পরিদর্শনকালে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সেনাপ্রধান বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করার সক্ষমতা আমাদের রয়েছে। নির্বাচন নিয়ে সরকার, নির্বাচন কমিশন, পুলিশ এবং সেনা, নৌ ও বিমানবাহিনী সবাই আগ্রহী। সুতরাং এখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই।’
তিনি বলেন, ‘নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে বিকাশের মাধ্যমে কিছু আর্থিক লেনদেন হতে পারে। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। কিছু অপরাধী থাকতে পারে, তবে সবাই এ ধরনের অপকর্মে জড়াবে না।’
সেনাপ্রধান আরও বলেন, ‘নির্বাচনের দিন যারা সহিংসতা করবে বা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেবে, তাদের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর ব্যবস্থা নেবে। অপরাধ করলে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।’
মঙ্গলবার সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মিলনায়তনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের উপস্থিতিতে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। তিন বাহিনীর প্রধানরা দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এছাড়া পরিদর্শনকালে তিন বাহিনীর প্রধানরা ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
গাজীপুর জেলা পরিদর্শনের সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

















