আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ তুললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার চট্টগ্রাম থেকে প্রচারণা শুরুর পর ফেনী, কুমিল্লা শেষে মধ্যরাতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাচঁপুর মাঠে নির্বাচনী জনসমাবেশে অংশ নিয়ে এ অভিযোগ তোলেন তিনি।
তারেক রহমান বলেন, দেশে ১৫/১৬ বছর নিশি রাতের নির্বাচন হয়েছে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ভোটের দিন ফজরের নামাজ পড়েই কেন্দ্রে যেতে হবে এবং ভোট দিতে হবে।
তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি সরকার গঠন করলে চালু করা হবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও শিশুদের শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। নারায়ণগঞ্জকে নিরাপদ, মাদক ব্যবসা বন্ধ এবং দুর্নীতি দমন করা হবে।
জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে বেকারদের কর্মসংস্থান, খাল খনন এবং কৃষকদের জন্য বিশেষ বীমা ব্যবস্থা চালু করা হবে বলে জানান তিনি। ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের রাজনৈতিক ও ভোটাধিকার প্রয়োগ করবে— এমন আশাবাদ ব্যক্ত করে নেতা–কর্মীদের শেষ সময় পর্যন্ত মাঠে নির্দেশ দেন তারেক রহমান।
এদিকে কুমিল্লার জনসভায় ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে সন্ধ্যায় জয়ের হিসাব কড়ায়গণ্ডায় বুঝে নেওয়ার জন্য নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার রাতে কুমিল্লার সুয়াগাজী ফুলগলি মাঠে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। তিনি বলেন, কেউ যেন ভোটের অধিকার কেড়ে নিতে না পারে সবাইকে সতর্ক থাকতে হবে। এর আগে সন্ধ্যায় তিনি কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী সভায় অংশ নেন এবং সুয়াগাজীর পর দাউদকান্দিতেও সভায় অংশ নেন।
সুয়াগাজীর সভায় তারেক রহমান আরও বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড নিয়ে যে যা–ই মন্তব্য করুক না কেন আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষ জয় লাভ করলে বিএনপি সরকার গঠন করে খেটে খাওয়া মানুষের উপকারে এসব পরিকল্পনা বাস্তবায়ন করবে।
সভায় উপস্থিত নেতা–কর্মী ও সাধারণ মানুষের কাছে বিএনপির প্রার্থীদের জন্য দোয়া ও ভোট চান দলের চেয়ারম্যান তারেক রহমান।

















