শেরপুরের শ্রীবরদীর গিলাগাছার এক মৎস্য জীবি লীগ নেতা ধান কাটতে বাধা দিচ্ছে। ১৪৪ ধারা লঙ্ঘন ও আদালতের আদেশ অমান্য করে অসহায় কৃষক নূর মোহাম্মদের ২৪ শতাংশ জমিতে ঢুকতে দিচ্ছে না। খুন করার হুমকি দিয়ে আসছে গোসাইপুর ইউনিয়ন মৎসজীবি লীগের সভাপতি শাহাদাৎ হোসেন ওরফে সাহাদুর ও তার লোকজন।
ভূক্তভোগী পারিবারিক সূত্রে জানাযায়, শ্রীবরদী উপজেলার গিলাগাছা গ্রামের মৃত জরিপ উদ্দিন সেকের ছেলে আব্দুল হামিদের কাছ থেকে ১৯৯৯ সালে ২৪ শতাংশ জমি ক্রয় করে একই গ্রামের কৃষক নূর মোহাম্মদ। এরপর থেকে বিগত ২৬ বছর যাবৎ ওই জমি সে ভোগ দখল করে আসছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় মৎসজীবি লীগের নেতা শাহাদাত হোসেন ওই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় গিলাগাছা গ্রামের নিরীহ কৃষক নূর মোহাম্মদের জমি অবৈধভাবে বেদখল করতে যায়। পরে নূর মোহাম্মদ আদালতের স্মরণাপন্ন হলে আদালত বিগত ১৩ অক্টোবর শাহাদাতদের ওই জমিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা প্রদান করে।
এরপরেও নিষেধাজ্ঞা অমান্য করে ওজমিতে প্রবেশ করে আমন ধান রোপনের চেষ্টা করে। বর্তমানে আমন ধান পাকলেও নূর মোহাম্মদের ওই জমির ধান কাটতে দিচ্ছে না। তাদেরকে প্রাণ নাশের হুমকিসহ নানাভাবে জুলুম নির্যাতন করে আসছে। রাজনৈতিক মামলায় জেল থেকে বের হয়ে আরো বেপরোয়া হয়ে ওঠেছে শাহাদাত ও তার লোকজন। শাহদতের ভয়ে চরম নিরাপত্তা হীনতায় ভূগছে নূর মোহাম্মদের পরিবার। প্রতিবেশীরাও এ ঘটনায় বড় ধরনের হামলার আশঙ্কা প্রকাশ করছেন।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম বলেন, আদালতের আদেশ আমরা উভয়পক্ষকে জানিয়ে দিয়েছি। কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

















