শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনে সেনাবাহিনীর সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ উৎসব এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে আমাদের সেনাবাহিনীর সহায়তা আশা করছি। জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এ কারণে আমি তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করি।’
এবারের কোর্সে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক ও পাকিস্তানসহ ২৪টি দেশের ৩১১ জন তরুণ সামরিক কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠানে কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা।
এ সময় তাদের অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও সংকল্প জাতির অগ্রগতিতে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।
এ ছাড়া শীর্ষস্থানীয় সামরিক প্রতিষ্ঠান ডিএসসিএসসির সুনামেরও প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। পরে জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি।

















