জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ—জকসু নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সংগঠনগুলো ব্যস্ত নিজেদের প্যানেল ও প্রার্থিতা ঘোষণা নিয়ে। এরই মধ্যে ছাত্রশিবির ঘোষণা করেছে তাদের প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’।
শিবিরের এই প্যানেলের সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নালিতাবাড়ীর উপজেলার সন্তান মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজুর রহমান শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের বাগিচাপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মেরাজ আলী। মোস্তাফিজুর ২০১৯ সালে রুপনারায়নকুড়া আলিম মাদ্রাসা থেকে দাখিল এবং ২০২১ সালে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম সম্পন্ন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।
জকসু নির্বাচনকে ঘিরে নিজের পরিকল্পনা জানিয়ে মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর পাশে থেকে মানবিক সহায়তা বৃদ্ধি, জরুরি সেবাগুলো সহজলভ্য করা এবং ছাত্র–অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। আমি বিশ্বাস করি, সৎ উদ্দেশ্য ও সমষ্টিগত প্রচেষ্টাই ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

















