রাজশাহীতে বিচারক মোহাম্মদ আবদুর রহমানের পুত্র তাওসিফ রহমান সুমন (১৬)কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সরিষাবাড়ীতে চলছে শোকের মাতম। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া চকপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান মৌলভীর পুত্র বিচারক মোহাম্মদ আবদুর রহমান রাজশাহী মহানগরের দায়রা জজ।
শহরের ডাবতলা এলাকার স্পার্ক ভিউ নামের দশতলা ভবনের ৫তলার একটি ফ্ল্যাটে বিচারক পরিবার নিয়ে ভাড়া থাকেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে বাসায় ঢুকে ঘাতক লিমন নবম শ্রেণির শিক্ষার্থী তাওফিক রহমান লিটনকে কুপিয়ে হত্যা করে। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিও গুরুতর আহত হন।
এ ঘটনায় সরিষাবাড়ীতে শোকের ছায়া নেমে আসে। গুরুতর আহত তাসমিন নাহারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ঘাতক গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এলাকার স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য এইচএম ছোলায়মান হোসেন শহীদের পুত্র লিমন মিয়া (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। সূত্র জানায়, বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির বাবার বাড়ি গাইবান্ধা শহরের এটেস্ট্রেটপাড়ায়। একই জেলার বাসিন্দা হওয়ায় তাসমিন নাহারের নিকট লিমন প্রায়ই তার কাছে আর্থিক সহযোগিতা চাইতেন। সহযোগিতা না পেয়ে ক্ষুব্ধ হয়ে কয়েকবার হুমকিও দিয়েছেন।
সর্বশেষ ৩ নভেম্বর সকালে তাসমিন নাহারের মেয়ের ফেসবুক মেসেঞ্জারে কল করে তিনি পুরো পরিবারকে হত্যার হুমকি দেয় লিমন। শাহজালাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত মেয়েকে দেখতে বিচারকের স্ত্রী সিলেট এসেছিলেন। তখন লিমন তার পিছু নিয়ে সিলেট ছুটে যান এবং তাদেরকে বিভিন্ন ভাবে বিরক্ত করে। গত ৬ নভেম্বর বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসী (৪৪) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সহযোগিতা চান। পরে সিলেট মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। লুসি মামলা করতে রাজি না হওয়ায় তখন এ ঘটনায় সিলেটের জালালাবাদ থানায় লিমনের বিরুদ্ধে হুমকির অভিযোগে জিডি করেন। জিডিমূলে ওই ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়। এ ঘটনায় গত ৬ নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় লিমন মিয়ার বিরুদ্ধে জিডি করার সাত দিনের মাথায় বিচারকের বাসায় ঢুকে ছেলেকে হত্যা ও লুসিকে জখম করার ঘটনা ঘটে। উপজেলার শোকার্ত সাধারণ মানুষ ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
বিচারকের ভাই মনির উদ্দিন জানান, ময়নাতদন্ত শেষ হলে রাজশাহী থেকে তাওফিক রহমান লিটন এর মরদেহ পৌছলে শুক্রবার রাতেই পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজের পর চকপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ ফকির বলেন, আমার শ্যালক রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ক্লাস নাইনে পড়ুয়া ছেলে তৌসিফকে বাসায় ঢুকে সম্পূর্ণ পরিকল্পিত ও নৃশংসভাবে ছুরিকাঘাত করে হত্যা করেছে এক দুর্বৃত্ত। আমরা এর সুষ্ঠ তদন্ত ও বিচার চাই।

















