আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘আমরা আইন করে যাব এবং যথাসম্ভব সংস্কার করে যাব। কিন্তু পরবর্তী সরকার এসে যদি এসব এগিয়ে নিয়ে না যায় এবং বাস্তবায়ন না করে তাহলে পরিবর্তন সম্ভব না।’ আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, ‘উপদেষ্টা পরিষদের বৈঠকে শ্রম আইন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স ও রিপ্রেজেন্টশন অব পিপল অর্ডার (আরপিও) আইন চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশন আইনসহ ৩টি আইনের ব্যাপারে নীতিগত অনুমোদন করা হয়েছে।’
আইন উপদেষ্টা আরও বলেন, ‘জোটের ক্ষেত্রে দলের প্রতীকে নির্বাচন করতে হবে। নির্বাচনের কাজে যারা ব্যস্ত থাকে এবং প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ইলেকশন কমিশন যদি মনে করে অনিয়মের জন্য সম্পূর্ণ এলাকার ভোট বাতিল করতে পারবে।’
এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘বৈঠকে নির্বাচনের প্রস্তুতি এবং নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর শরীরে বডিক্যাম, কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা এবং প্রয়োজনে ড্রোন ব্যাবহার করা হবে।’

















