সিলেটের জাফলং এলাকা থেকে চারটি অবৈধ ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে ৪৮ বিজিবি। আজ রোববার দুপুরে আখালিয়া কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল নাজমুল হক।
এই বিজিবি কর্মকর্তা জানান, গতকাল শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগান সংলগ্ন কাটারী এলাকায় অবস্থান নেন বিজিবি সদস্যরা। পরবর্তীতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় চারটি এয়ারগান উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
অধিনায়ক আরও জানান, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় অবৈধ এয়ারগান উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রসমূহের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

















