⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

এক বছরে ২৪৭ সিদ্ধান্ত বাস্তবায়নে করেছে অন্তর্বর্তী সরকার : প্রেস সচিব

HTML tutorial

ঢাকা অফিস :
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, গত বছরের ৮ আগষ্ট থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত উপদেষ্টা কমিটির ৪১টি বৈঠক হয়েছে। এর মধ্যে ৩১৫টি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং ২৪৭টি বাস্তবায়ন হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৮ দশমিক ৪১, যা স্বাধীন দেশে রেকর্ড।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম।

এ সময় প্রেস সচিব আরও জানান, আজ প্রধান উপদেষ্টা সূচনা বক্তব্যে বলেছেন, ৫ আগষ্ট এই সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, যেখানে প্রধান কাজ সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান। আমেরিকার সঙ্গে সফলভাবে শুল্ক কমানোয় ভুমিকা রাখায় বাণিজ্য উপদেষ্টাকে বৈঠকে ধন্যবাদ জানানো হয়েছে। এ ছাড়া সংস্কৃতি উপদেষ্টাকেও ধন্যবাদ জানানো হয়েছে। জুলাইয়ের ওপর যে তথ্যচিত্রগুলো করা হয়েছে–তিনি তা সুচারুভাবে সম্পন্ন করেছেন।

শফিকুল আলম বলেছেন, ১১টি সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়ন যোগ্য ১২১টি সুপারিশ মন্ত্রিসভায় প্রেরণ করা হয়েছিল। এর মধ্যে ১৬টি বাস্তবায়িত হয়ে গেছে, ৮৫টি বাস্তবায়নের শেষ পর্যায়ে, ১০টি বিভিন্ন মন্ত্রণালয় দেখছে, বাকি ১০টি আবার পর্যালোচনা করা হচ্ছে।

প্রেস সচিব জানান, বিমান দুর্ঘটনায় যে সাহস মাইলস্টোনের একজন শিক্ষিকা দেখিয়েছেন, তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘মেহরীন চৌধুরী অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস’ পুরস্কার চালু করবে শিক্ষা মন্ত্রণালয়। সারা দেশের শিক্ষকদের মধ্য থেকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হবে।

এখন পুলিশ আগের চেয়ে শক্ত অবস্থানে এসেছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, তারপরও সেনাবাহিনী মাঠে আছে। কারণ একটি অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে।

প্রশাসনের যেসব কর্মকর্তা গেল সরকারের সময় অনৈতিকভাবে কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান প্রেস সচিব। তিনি আরও জানান, নির্বাচনের তারিখ নির্বাচন কমিশন জানাবে। সুষ্ঠু নির্বাচন করাই এখন সরকারের মূল লক্ষ্য। নির্বাচনে প্রশাসন কীভাবে দায়িত্ব পালন করবে–তা নিয়ে অনেক বৈঠক হচ্ছে। মূল লক্ষ্য সুষ্ঠুভাবে সম্পন্ন করা। ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, তা সুষ্ঠুভাবে হবে এবং সবাই তাতে ভোট দিতে পারবে।

আওয়ামী লীগের ব্যাপারে সরকারের অবস্থান জানাতে গিয়ে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যতক্ষণ না তাদের নেতাদের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের বিচার শেষ হয়ে। এখন তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, তা নির্বাচন কমিশন জানাবে।

শেখ হাসিনার ব্যাপারে প্রেস সচিব বলেন, ‘সরকারের বড় চেষ্টা শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা। সরকার চায় যেন ন্যায় বিচার হয়। কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে, তিনি কীভাবে গুলির নির্দেশ দিয়েছেন। আমরা আশা করি তিনি একদিন ফিরে আসবেন ও বিচারের মুখোমুখি হবেন।’

HTML tutorial

Leave a Reply