জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন করা, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আরও বলেছেন, সে লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে, যাতে স্বৈরাচার মাথাচাড়া না দিতে পারে।
আজ মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস আরও বলেন, ‘আশা করি, আগামী দিনে কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে সঙ্গে তাদের পতন ঘটাবে। কারণ, জনগণ রাস্তায় নামলে কোনো শক্তি থামাতে পারে না।’
অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে সরকারের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী কর্মসূচি। ৫ আগস্ট পর্যন্ত মাঝেমধ্যে বিরতি দিয়ে এসব কর্মসূচি পালিত হবে। এর নাম দেওয়া হয়েছে ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’। কর্মসূচির অংশ হিসেবে আজ মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা হবে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাই মাসজুড়ে আন্দোলন হয়।

















