ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৬-এ পদকজয়ী বাংলাদেশি সাঁতারুদের ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বর্ণপদকজয়ী সেনাবাহিনীর ফয়সাল আহমেদ, রৌপ্যপদকজয়ী নৌবাহিনীর সোনিয়া আক্তার ও পলাশ চৌধুরী এবং ব্রোঞ্জপদকজয়ী নুরুল ইসলামসহ থাইলেন্ডে স্বর্ণপদক জয়ী নৌবাহিনীর সামিউল ইসলাম রাফিকেও ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কোচবৃন্দ উপস্থিত থেকে পদকজয়ী সাঁতারুদের এ কৃতিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করে বাংলাদেশ। প্রতিযোগিতায় বাংলাদেশি সাঁতারুরা একটি স্বর্ণ, দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট চারটি পদক জয় করেন।
ওই প্রতিযোগিতায় ১৯ কিলোমিটার পুরুষ, ১৯ কিলোমিটার মহিলা এবং ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্ট অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ক্যাটাগরিতে দেশ-বিদেশের উল্লেখযোগ্য সংখ্যক সাঁতারু অংশগ্রহণ করেন। ৮১ কিলোমিটার ইভেন্টে ২৮ জন, ১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে ৩৬ জন এবং ১৯ কিলোমিটার মহিলা ইভেন্টে ১৫ জন সাঁতারু প্রতিদ্বন্দ্বিতা করেন।
বাংলাদেশ থেকে মোট ৯ জন সাঁতারু প্রতিযোগিতায় অংশ নেন। এর মধ্যে ৬ জন ১৯ কিলোমিটার এবং ৩ জন ৮১ কিলোমিটার ইভেন্টে অংশগ্রহণ করেন।
১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে স্বর্ণপদক জয় করেন বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু ফয়সাল আহমেদ। একই দূরত্বের মহিলা ইভেন্টে রৌপ্যপদক অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু সোনিয়া আক্তার।
অন্যদিকে, কঠিনতম ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্টে রৌপ্যপদক জয় করেন বাংলাদেশ নৌবাহিনীর পলাশ চৌধুরী। একই ইভেন্টে ব্রোঞ্জপদক অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর নুরুল ইসলাম।
বাংলাদেশের পদক অর্জনঃ
স্বর্ণপদক,ফয়সাল আহমেদ — ১৯ কিমি পুরুষ — বাংলাদেশ সেনাবাহিনী,রৌপ্যপদক, সোনিয়া আক্তার — ১৯ কিমি মহিলা — বাংলাদেশ নৌবাহিনী, রৌপ্যপদক,পলাশ চৌধুরী — ৮১ কিমি পুরুষ — বাংলাদেশ নৌবাহিনী,
ব্রোঞ্জপদক,নুরুল ইসলাম — ৮১ কিমি পুরুষ — বাংলাদেশ সেনাবাহিনী।
বাংলাদেশি সাঁতারুদের এ সাফল্য আন্তর্জাতিক দূরপাল্লার সাঁতার অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। বিশেষ করে ৮১ কিলোমিটারের মতো দীর্ঘ ও কঠিন ইভেন্টে দুটি পদক অর্জন বাংলাদেশের দূরপাল্লার সাঁতারের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।
বাংলাদেশ সাঁতার ফেডারেশন পদকজয়ীসহ অংশগ্রহণকারী সকল সাঁতারু, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য আরও সাফল্য বয়ে আনার প্রত্যাশা করছে।
মোট অর্জনঃ
১টি স্বর্ণ, ২টি রৌপ্য,১টি ব্রোঞ্জ — সর্বমোট ৪টি পদক।

















