স্টাফ রিপোর্টার :
“কোন কালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্মী নারী।” কবিতার এ অংশই স্মরণ করিয়ে দেয় নারীরা পিছিয়ে নেই, তারাও পারে। আর এরই আলোকে এবার শেরপুরে আয়োজন করা হচ্ছে নারীদের মিনি ম্যারাথন প্রতিযোগিতা।
নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শারীরিক সুস্থতা, মানসিক দৃঢ়তা এবং ক্রীড়াচর্চায় উৎসাহিত করার লক্ষ্যে শেরপুরে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি সভায় এমন কথা জানান জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন।
৩ নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ (মহারশী)-তে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো: শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মিজ্ নাসরিন আক্তার, বিশিষ্ট সমাজসেবী মিজ্ রাজিয়া সামাদ ডালিয়া, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, রাজনীতিবিদ আব্দুল আওয়াল ও আবদুল বাতেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু রায়হান রূপণ, রাজনীতিবিদ আকরামুজ্জামান রাহাত,জেলা যুবদল সভাপতি আতাহারুল ইসলাম আতা ও সাধারণ সম্পাদক শওকত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় নারীদের অংশগ্রহণে একটি সুশৃঙ্খল, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধকরণ, নিরাপত্তা, ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সমন্বয়ের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
নারীর ক্ষমতায়ন, সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং সমাজের সর্বস্তরে নারীদের ইতিবাচক ও সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

















