নিজস্ব প্রতিবেদক :
বদলে ফেলা হলো ইউনিয়ন পরিষদের আওতাধীন গ্রাম পুলিশ বাহিনীর দুটি পদের নাম। সরকার এখন থেকে ‘দফাদার’ পদটি ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ পদটি ‘গ্রাম পুলিশ’ নাম রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
গত ১ নভেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৯৬ ও ৪৮ ধারায় দেওয়া ক্ষমতাবলে সরকার ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলি সম্পর্কিত বিধিমালা, ২০১৫’ সংশোধন করেছে।
সংশোধিত বিধিমালা অনুযায়ী, আগের বিধিমালার সর্বত্র ব্যবহৃত ‘দফাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ’ শব্দ যুক্ত করা হয়েছে।
এর ফলে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর এই দুই পদের পরিচিতি ও পদবিতে আনুষ্ঠানিক পরিবর্তন এলো।

















