যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের দায়িত্ব পুনর্বন্টন হয়েছে। প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও আইন যাচাই বাছাইয়ের দায়িত্বে থাকা শক্তিশালী সংস্থা গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরি অন্তর্বর্তী সময় তত্ত্বাবধান করবেন।
আজ রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে। এতে আরও বলা হয়, ইরানের ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর আয়াতুল্লাহ আলী খামেনিই দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আসীন দ্বিতীয় ব্যক্তি।
প্রতিবেদন বলছে, অ্যাসেম্বলি অফ লিডারশিপ এক্সপার্টস নামে ধর্মীয় নেতাদের একটি পরিষদ খামেনির উত্তরসূরি নির্বাচন করবেন। দেশটির সংবিধান অনুযায়ী এটি তাদের দ্রুতই করতে হবে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা অব্যাহত রাখায় নিরাপত্তাজনিত কারণে দ্রুত ওই পরিষদের বৈঠকে বসা কঠিন হতে পারে।
রুহুল্লা আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর দিনই সর্বোচ্চ নেতার পদে নিযুক্ত হয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি।

















