নালিতাবাড়ীতে কন্যাশিশু হত্যার ১০ দিন পর আসামি গ্রেফতার
শেরপুরের নালিতাবাড়ীতে সানজিদা আক্তার (১১) নামে এক কন্যাশিশু হত্যার ১০ দিন পর আসামি বিল্লাল হোসেনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পানিহাতা গ্রামে অভিযুক্তের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত ৭ মে, বৃহস্পতিবার বিকেলে খেলতে এসে বিল্লালদের বাড়ি থেকে নিখোঁজ হয় সানজিদা। পরদিন শুক্রবার বিকেলে চাপের মুখে মোবাইলে হত্যা ও গুমের কথা স্বীকার করে পলাতক বিল্লাল। স্বীকারোক্তি অনুযায়ী তাদেরই টয়লেট থেকে ব্যাগে মোড়ানো অবস্থায় সানজিদার মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিল্লালের মা তহুরন নেছা (৭০) ও বোন রাবিয়াকে (২৪) গ্রেফতার করা হয়।
এ ঘটনায় সানজিদার খালা ছখিনা বেগম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।
নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান জানান, হত্যার কারণ জানতে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, এতিম সানজিদা তার নানির কাছে আশ্রিত ছিল।

















